চুয়াডাঙ্গা প্রতিনিধি
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
কামড়িয়ার বিলে পাহারা দেওয়ার সময় ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারিয়েছেন বদর উদ্দিন (৪৬) নামের এক কৃষক। চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামের ওই বিলে মঙ্গলবার গভীর রাতে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
আজ বুধবার (২৫ নভেম্বর) ভোরে পরিবারের সদস্যরা নিজ জমিতে তাঁকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
নিহত বদর উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামের প্রয়াত সামছদ্দিন মণ্ডলের ছেলে। জীবিকার তাগিদে তিনি কামড়িয়ার বিল পাহারাদারের দায়িত্ব পালন করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে গহেরপুর মাঠের কামড়িয়া বিলে পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং ঘটনাস্থলেই ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের ১০ থেকে ১২টি কোপের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ কিংবা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার অথবা বিলে মাছ চাষ সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে। ছবি সংগৃহীত।

