স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া নারিকেল তেল উৎপাদন এবং প্যাকেটজাত শিশুখাদ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় যশোরের ঝিকরগাছায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানকালে কলেজ রোড এলাকার ‘মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলস’ পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অবৈধভাবে ‘প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল’ তৈরি করছেন, যার কোনো বিএসটিআই অনুমোদন নেই; অথচ এতে বিএসটিআইয়ের লোগো সংবলিত লোগো ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে উপজেলা বাজারের ‘ছালাম স্টোর’ পরিদর্শনকালে বিপুল পরিমাণ শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের তথ্য পাওয়া যায়, যেখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম নেই এবং প্যাকেটজাত শিশুখাদ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা মোতাবেক ছালাম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে মনিটরিং টিমের উপস্থিতিতে স্থানীয় মাংস ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকার পরিবর্তে ৭৫০ টাকা নির্ধারণ করে মূল্যতালিকা টানিয়ে দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি দল, ঝিকরগাছা থানা পুলিশের একটি দল এবং জেলা ক্যাব, যশোরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

