স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে পরোয়ানা বা নোটিশ ছাড়া বাড়িতে পুলিশ পাঠিয়ে হেনস্তা, গালিগালাজ এবং দরজা-গেট ভাঙার চেষ্টার অভিযোগ তুলে যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের বিরুদ্ধে পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তবে অভিযোগের বিষয়ে ওসি মেহেদী হাসান পাল্টা বক্তব্য দিয়ে জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তাঁর মায়ের দায়ের করা নির্যাতন মামলা এবং নাশকতার অভিযোগে তাঁকে আটক করে আদালতে পাঠানো হয়েছে, এবং অভিযানকালে তিনি পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
অভিযোগকারী সোহেল আক্তার যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত সোমবার (২৩ নভেম্বর) তিনি যশোরের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জমা দেন।
বিজ্ঞাপন
লিখিত অভিযোগে সোহেল আক্তার উল্লেখ করেন, গত রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ওসি মেহেদী হাসানের নেতৃত্বে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য তাঁর বাসায় যান। শুরুতে পরিচয় না দিয়েই তাঁকে ওই রাতেই থানায় যেতে বলা হয় এবং পরিচয় জানতে চাইলে তাঁরা চৌগাছা থানা থেকে ওসির নির্দেশে আসার কথা জানান।
আবেদনে আরও বলা হয়, পরিস্থিতি বুঝতে পেরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ সদস্যরা তাঁকে ওসির সঙ্গে কথা বলতে বলেন। ফোনে ওসি তাঁকে জানান, তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে এবং গ্রেপ্তার করে থানায় নেওয়া হবে। ওয়ারেন্ট দেখতে চাইলে ওসি জানান, ফোর্সের সঙ্গে অত কথা বলার দরকার নেই এবং অভিযোগ থাকায় থানায় গিয়ে মীমাংসা করতে হবে। বৈধ কাগজপত্র বা নোটিশ ছাড়া রাতে থানায় যেতে অপারগতা প্রকাশ করলে ওসি যেভাবেই হোক তাঁকে থানায় নেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগে দাবি করা হয়।
সোহেল আক্তারের দাবি, ভীত হয়ে ঘরের দরজা বন্ধ রেখে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে ফোনে জানান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনকে জানানোর চেষ্টা করেন। এ সময় দুজন পুলিশ সদস্য তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কলাপসিবল গেট ও বেলকুনির দরজা ভাঙার চেষ্টায় অনবরত লাথি মারেন বলে অভিযোগ করা হয়, যার ভিডিও প্রমাণ তাঁর কাছে রয়েছে বলে তিনি দাবি করেছেন। নিরাপত্তাহীনতার কারণে রাতে গেট না খুলে সকালে কথা বলার কথা জানালেও ওই সময় পুলিশ সুপারের সরকারি নম্বরে রাত ১১টা ২৭ মিনিট থেকে ১১টা ৩৮ মিনিটের মধ্যে তিনবার কল করেও সাড়া পাননি বলে আবেদনে উল্লেখ করেন তিনি। প্রতিবেশীরাও বিষয়টি দেখেছেন ও শুনেছেন উল্লেখ করে তিনি এর বিচার দাবি করেন।
অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে চৌগাছা থানার ওসি মেহেদী হাসান জানান, সোহেলের বিরুদ্ধে তাঁর মা শাহানা খাতুন (৫৫) নির্যাতনের অভিযোগ এনে যশোর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে চৌগাছা থানা মামলাটি নথিভুক্ত করে এবং সোহেলকে আটকে অভিযান চালায়। অভিযানকালে তিনি পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে দাবি ওসির।
ওসি মেহেদী হাসান আরও জানান, সোহেলের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে এবং তিনি যুবলীগের সঙ্গে জড়িত। তাঁর মোবাইল ফোন অনুসন্ধান করে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন ওসি। সব মিলিয়ে নাশকতা এবং তাঁর মায়ের দায়ের করা মামলায় তাঁকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ছবি সংগৃহীত।
