কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
অর্থ বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত এক আদেশে এ বদলি কার্যকর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র ও দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০২৬ সালের জুন মাসে কালীগঞ্জে যোগদানের পর ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন খাতের বরাদ্দ ব্যয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ১ লাখ ৮০ হাজার টাকা, মনিহারী খাতে ১ লাখ ১০ হাজার ও ৫০ হাজার টাকা, স্ট্যাম্প-সীল বাবদ ২২ হাজার, অফিস সরঞ্জামে ১৩ হাজার, সেপটিক ট্যাংক পরিষ্কারে ৩০ হাজার, আসবাবপত্র মেরামতে ৩০ হাজার ও ক্রয়ে ৫৫ হাজার, কম্পিউটার মেরামতে ৪৫ হাজার এবং পরিষ্কার সামগ্রী খাতে ৮ হাজার টাকা ব্যয় দেখানো হয়। এর মধ্যে প্রায় এক দশক আগে অবসরে যাওয়া পরিচ্ছন্নকর্মী সন্তোষ কুমারের স্বাক্ষর জাল করে সেপটিক ট্যাংক পরিষ্কারের নামে ৩০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।
বিজ্ঞাপন
এসব অনিয়মে তাঁকে সহায়তা করার অভিযোগ রয়েছে দীর্ঘ প্রায় ১২ বছর ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত পরিসংখ্যানবিদ মাইনুর ইসলামের বিরুদ্ধে। হিসাবরক্ষক আব্দুল আজিজ দায়িত্বে থাকলেও তাঁকে কাজ না দিয়ে পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে হিসাবরক্ষকের দায়িত্ব পালন করানো হতো বলে দুদকের অভিযানে উঠে আসে। অতীতে মাইনুরের বিরুদ্ধে বড় অঙ্কের ব্যাংক লেনদেন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তিনি বহাল তবিয়তে রয়েছেন।
গত ১৫ নভেম্বর দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে প্রায় সাড়ে তিন ঘণ্টা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়। সে সময় হিসাবরক্ষক আব্দুল আজিজের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়ার পাশাপাশি ওষুধ বিতরণ, রোগীদের খাবারের মান এবং ভুয়া বিল-ভাউচারের নথিপত্র যাচাই করে দুদক। অভিযানে রোগীদের দুপুরের খাবারে নির্ধারিত রুই মাছের পরিবর্তে অন্য মাছ দেওয়ার তথ্যও পাওয়া যায়। এ ছাড়া গত সেপ্টেম্বরে বারবাজারে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর পর সিলগালা করা একটি ক্লিনিক ২১ দিনের মাথায় প্রায় ৩ লাখ টাকার বিনিময়ে খুলে দেওয়ার ক্ষেত্রেও ডা. আমানউল্লাহ আল মামুনের ভূমিকা নিয়ে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, এর আগে বরিশালের বেতাগীতে দায়িত্ব পালনকালে ২০২২ সালের জুনে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয়েছিলেন তিনি এবং মাঠকর্মীরা তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দিয়েছিলেন। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত কোটচাঁদপুরে দায়িত্ব পালন শেষে অনিয়মের অভিযোগে তাঁকে মঠবাড়িয়ায় বদলি করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অবসরপ্রাপ্ত পরিচ্ছন্নকর্মী সন্তোষ কুমার বিস্ময় প্রকাশ করে বলেন, দশ বছর আগে অবসর নেওয়ার পর তাঁর স্বাক্ষর জাল করে ৩০ হাজার টাকা তোলার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
হিসাবরক্ষক আব্দুল আজিজ জানান, ২০২৬ সালের জুনে যোগ দিলেও স্বাস্থ্য কর্মকর্তা তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেননি; বরং পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে ওই কাজ করাতেন।
এ বিষয়ে জানতে ডা. আমানউল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, দুদক যেসব অনিয়মের তথ্য পেয়েছে, সেগুলোর প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় পাঠানো হবে। স্বাস্থ্য কর্মকর্তা ও পরিসংখ্যানবিদ মাইনুরকে এসব অনিয়মের জন্য দায়ী উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ কোনোভাবেই এ ধরনের দুর্নীতি প্রশ্রয় দেবে না। ছবি সংগৃহীত।

