বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী)
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য ইয়াবা সেবনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর মো. নাহিদ খান নামের এক ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) কলাপাড়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বহিষ্কৃত মো. নাহিদ খান কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তাঁর ইয়াবা সেবনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
উপজেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলাপাড়া উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ খানকে তাঁর পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার গণমাধ্যমকে জানান, ছাত্রদল কোনো ধরনের অনিয়ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে বিন্দুমাত্র ছাড় দেয় না। সুনির্দিষ্ট অভিযোগ ও ভিডিওর সত্যতা পাওয়ার পরেই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাঁকে তাৎক্ষণিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছবি প্রতিবেদক।

