বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
পথ হারিয়ে প্রায় ২৭৭ কিলোমিটার দূরে যশোরের ঝিকরগাছা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগম (৭০) অবশেষে ফিরে গেলেন তাঁর আপন ঠিকানায়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর তিনি নিরাপদে স্বজনের কাছে ফিরে গেছেন।
গত রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাসে করে তাঁকে যশোরের ঝিকরগাছায় পাঠানো হয়। এর আগে তাঁকে নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝিকরগাছা থেকে কলাপাড়ায় আসেন তাঁর প্রতিবেশী রোজিনা বেগম (৪৫)। তাঁরা দুজনই যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
বিজ্ঞাপন
এ বিষয়ে ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন জানান, পরিচিত এক ব্যক্তির মাধ্যমে শানু বেগম তাঁদের সংগঠনের কাছে আসেন। শুরুর দিকে তাঁর সঠিক পরিচয় বা ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে নিজ ঠিকানায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। পুরো কার্যক্রমে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শানু বেগমের নিরাপদ বাড়ি ফেরার সুব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পরিচয় শনাক্তকরণ, থাকা-খাওয়ার সুব্যবস্থা এবং বাড়ি ফেরানোর এই পুরো প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, ঠিকানাহীন কুলসুম ওরফে শানু বেগম গত ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দীর্ঘ ৯ দিন ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে অস্থায়ী আশ্রয়ে ছিলেন। এরও ১৭ দিন পূর্বে তিনি বাড়ি থেকে সাতক্ষীরার কলারোয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন। এ বিষয়ে যশোরের স্ফুলিঙ্গ ডিজিটালে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন এবং পরিবারের দৃষ্টিগোচর হয় । ছবি প্রতিবেদক।

