বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী)
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের ধলু মৃধা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের হাতে-নাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কলাপাড়া উপজেলার পশ্চিম ধানখালী এলাকার বাসিন্দা মো. জাকারিয়া বিশ্বাস (২৭) এবং একই এলাকার মো. মিরাজ সরকার (৩০)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম খানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকন এবং মো. রাসেল খানসহ পুলিশের একটি চৌকস দল ধানখালী ইউনিয়নের ধলু মৃধা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবককে আটক করে দেহ তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ৪০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।
