বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ১০ নভেম্বর ২০২৬
৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কৃত হয়েছেন আব্দুর রহমান জাফর। তিনি কলাপাড়া শিক্ষক-কর্মচারী সমবায় সমিতি লিমিটেড ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সফল অর্থ সম্পাদক। এই পুরস্কার অর্জনের পর তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং সকলের ভালোবাসায় সিক্ত হয়ে আগামী দিনেও নিজ দায়িত্ব পালনে সোচ্চার থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গণমাধ্যমকর্মীদের কাছে।
‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম এবং শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি মো. নুরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় প্রয়াস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ একতা, জনতা, সততা ও সমতা কো-অপারেটিভের সদস্যরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে দুইটি সমবায় সমিতি এবং পাঁচজন সমবায়ীর মধ্যে আব্দুর রহমান জাফরকে শ্রেষ্ঠ সমবায়ীর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এদিকে, শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কারে ভূষিত হওয়ায় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি রেহানুল হক রেহান, সাধারণ সম্পাদক সৈয়দ মো. রাসেল, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম ও এসএম আলমগীর হোসেন তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ছবি সংগৃহীত।
