বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ১০ নভেম্বর ২০২৬
গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে কোস্টগার্ডের অভিযানে জব্দ করা দুটি আর্টিফিশিয়াল ট্রলিং ট্রলারের একটি—অর্থের বিনিময়ে আবারও সাগরে মাছ শিকারে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, জব্দ করা ট্রলারের পরিচয় ও ইঞ্জিন নম্বর নিয়েও দেখা দিয়েছে নানা অসংগতি। একটি ট্রলারের ইঞ্জিন নম্বরের সঙ্গে জব্দ তালিকার তথ্যের মিল না পাওয়ায় পুরো ঘটনাটি নিয়ে জনমনে তীব্র ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
স্থানীয় জেলেদের অভিযোগ, জব্দ করা ‘এফবি এলমা আক্তার-৪’ নামের ট্রলিং ট্রলারটি অর্থের বিনিময়ে পুনরায় সাগরে মাছ ধরার সুযোগ পেয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নৌ পুলিশ কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিজ্ঞাপন
ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ নভেম্বর নিজামপুর কোস্টগার্ডের একটি অভিযানে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে দুটি আর্টিফিশিয়াল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট দুটি হলো—‘এফবি এলমা আক্তার-৪’ এবং ‘মেঘনা-৫’। এর মধ্যে এফবি এলমা আক্তার-৪-এর মালিক কাজী আবুল হোসেন (যিনি এলাকায় আবুল কোম্পানি নামে পরিচিত)। ট্রলারটির নিবন্ধন নম্বর ১২২০২, দৈর্ঘ্য ১৮ মিটার, প্রস্থ ৪ দশমিক ৩০ মিটার, গভীরতা ১ দশমিক ৬০ মিটার এবং জব্দ তালিকায় এর ইঞ্জিন নম্বর উল্লেখ রয়েছে ‘২১১১১০৯৩০০’। অন্যদিকে ‘মেঘনা-৫’-এর মালিক ৭৫ বছর বয়সী সুরেন্দ্র কুমার দাস।
পরবর্তীতে এ ঘটনায় মহিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় এবং কোস্টগার্ড জব্দকৃত বোট দুটি ও মালামাল থানায় হস্তান্তর করে। পরবর্তী সময়ে তা কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের জিম্মায় দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার অনুসন্ধানে সরেজমিনে জব্দ করা বোট দুটি রাখার স্থানে গিয়ে কেবল ‘মেঘনা-৫’-এর সন্ধান মেলে। সেখানে ‘এফবি এলমা আক্তার-৪’-এর বিন্দুমাত্র অস্তিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে ট্রলার মালিক আবুল হোসেন কাজী দাবি করেন, বোটটি বর্তমানে আলীপুরের কাজী ডকইয়ার্ডে রয়েছে। ডকইয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি আর্টিফিশিয়াল ট্রলিং বোটের মেরামতের কাজ চলছে।
তবে অনুসন্ধানে বোটটি নিয়ে বড় ধরনের অসংগতি বেরিয়ে আসে। ডকইয়ার্ডে থাকা বোটটির গায়ে মাত্র দুই দিন আগে রং-তুলি দিয়ে ‘এফবি এলমা আক্তার-৪’ নাম লেখা হয়েছে বলে জানা যায়। অথচ বোটটির ইঞ্জিন নম্বর ‘২০২৩j০১৫০৬২’, যা জব্দ তালিকায় থাকা মূল বোটের ইঞ্জিন নম্বর ‘২১১১১০৯৩০০’-এর সঙ্গে কোনোভাবেই মেলে না। অর্থাৎ জব্দ তালিকায় থাকা বোট এবং ডকইয়ার্ডের বোটটি একই কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ডকইয়ার্ডে কর্মরত মিস্ত্রি ইলিয়াস শিকদার জানান, ওই বোটের প্রকৃত মালিক মীর মো. মিজানুর রহমান।
অন্যদিকে বোটের মালিকানা দাবি করে আবুল কোম্পানি জানান, নৌ পুলিশ বোটটি স্থানীয় মোস্তফা খলিফার জিম্মায় রেখেছিল এবং তাঁর অনুমতি নিয়েই সেটি ডকইয়ার্ডে নেওয়া হয়েছে। তবে মোস্তফা খলিফা জানান, তিনি ইঞ্জিন বা মালামাল পরিবর্তনের বিষয়ে কিছু জানেন না।
স্থানীয় জেলেদের দাবি, আইনগত প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও জব্দ করা বোটটি অর্থের বিনিময়ে সাগরে মাছ শিকারে পাঠানো হয়েছে। ট্রলারের মাঝি শহিদুল ইসলামের মুঠোফোন গত তিন দিন ধরে বন্ধ রয়েছে এবং তিনি সাগরে নেটওয়ার্কের বাইরে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি, এমনকি ফাঁড়ির প্রধান ফটক তালাবদ্ধ দেখা গেছে। মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য মেলেনি।
বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. নাজমুল হক জানান, বিষয়টি তাঁর জানা নেই তবে খোঁজ নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মহিপুর থানার তদন্ত ওসি জানান, জব্দ করা মালামাল নৌ পুলিশের জিম্মায় দেওয়ার পর পরবর্তী বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী স্পষ্টভাবে বলেন, জব্দ করা ট্রলিং বোট কোনোভাবেই ডকইয়ার্ডে কাজ করা কিংবা সাগরে মাছ শিকারে যাওয়ার সুযোগ রাখে না, এটি সম্পূর্ণ আইনবিরোধী। ‘সেভ দ্য বে অব বেঙ্গল’-এর সভাপতি মো. শহিদুল ইসলাম শাহীন এবং মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. আফজাল মোল্লাসহ স্থানীয় সচেতন মহল এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থার কঠোর দাবি জানিয়েছেন। ছবি প্রতিবেদক।

