স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
যশোর শহরের উপকণ্ঠ শেখহাটি পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে খুন, অস্ত্র ও বিস্ফোরকসহ ১৪টি মামলার পলাতক আসামি কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের (৪২) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে এসআই (নিঃ) মো. কামাল হোসেন, এসআই রকি মন্ডল, এসআই বাবলা দাস ও এসআই মো. কামরুজ্জামানসহ পুলিশের একটি চৌকস দল কোতোয়ালি মডেল থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা কাজী আলমগীর হোসেন ওরফে আলম ও মোছা. শিরিনা আক্তারের ছেলে কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বাউন্ডারি দেওয়া দোতলা বাড়ির পাশের টিনশেড অংশে নিবিড় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বসতবাড়ির সঙ্গে সংযুক্ত একচালা টিনশেড রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারগানের গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র মোড়ানোর কাজে ব্যবহৃত একটি বিস্কুটের খালি প্যাকেট, একটি সবুজ রঙের পলিথিন ও একটি ছোট চেক কাপড়ের টুকরো আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই সটকে পড়া পলাতক আসামি কাজী তৌহিদুর রহমান জুয়েলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৪টি নিয়মিত মামলা বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে নতুন করে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামি জুয়েলকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

