স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা থানা পুলিশের পৃথক দুটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের ভাঙা ও গুঁড়ো অংশ এবং আরও ১৫ পিস ইয়াবাসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ও রাতে উপজেলার লাউতাড়া ও শাড়াতলা এলাকায় পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) শেখ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল গত ১৩ নভেম্বর বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামস্থ লাউতাড়া ব্রিজের ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তানজিলা বেগম (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত তল্লাশি করে ১০০ পিস পূর্ণাঙ্গ ইয়াবা ট্যাবলেট এবং অতিরিক্ত ৫০ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেটের ভাঙা ও গুঁড়ো অংশ জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত তানজিলা বেগম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় (পশ্চিমপাড়া) এলাকার মৃত ইয়ার আলীর মেয়ে এবং মইদুল ইসলামের স্ত্রী।
অপরদিকে, একই পুলিশ কর্মকর্তা এসআই শেখ আল আমিনের নেতৃত্বে অপর একটি দল ১৩ নভেম্বর রাতে সাড়ে নয়টার দিকে উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের শাড়াতলা গ্রামস্থ গোড়পাড়া টু কাশিপুরগামী পাকা রাস্তার শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। এ সময় মো. মেহেদী হাসান @ হাসান (২২) নামের এক যুবককে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান শার্শা উপজেলার গোড়পাড়া (পালবাড়ী) এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।
উভয় ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করেছে। শার্শা থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।
