বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ১১ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা অধিদপ্তরের কোনো ধরনের নিয়মনীতি ও সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে গড়ে উঠেছে অন্তত ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের নামে নামসর্বস্ব এসব প্রতিষ্ঠান বর্তমানে শিক্ষালয়ের পরিবর্তে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। মাসিক বেতন, চড়া সেশন ফি, বই-খাতা ও শিক্ষা উপকরণ বিক্রিসহ বিভিন্ন অজুহাতে অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। অথচ এসব প্রতিষ্ঠানের নেই কোনো প্রাতিষ্ঠানিক পরিবেশ বা মানসম্মত পাঠদান ব্যবস্থা।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় যত্রতত্র গড়ে ওঠা এ জাতীয় মালিকানাধীন বিদ্যালয়গুলোর চিত্র প্রায় অভিন্ন। এর মধ্যে পৌর শহরের গোলাপবাগ এলাকার ‘কলাপাড়া আইডিয়াল স্কুল’ অন্যতম। সরেজমিন দেখা গেছে, এই বিদ্যালয়টিতে অধিকাংশ দিনই উত্তোলনের বাটার নিয়ম মানা হয় না, এমনকি জাতীয় পতাকাও উত্তোলন করা হয় না। বিদ্যালয়ে নেই কোনো বৈদ্যুতিক সংযোগ। ছোট একটি টিনশেড ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে একটি বেঞ্চে গাদাগাদি করে তিন থেকে চারজন শিক্ষার্থীকে বসানো হচ্ছে। কাগজে-কলমে ২৫ জন শিক্ষক থাকার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ সময়ই তাদের পাওয়া যায় না, যার ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি বা অন্য স্কুলের তুলনায় এসব অবৈধ প্রতিষ্ঠানে সেশন ফি ও মাসিক বেতন বহুগুণ বেশি নেওয়া হয়। শ্রেণিকক্ষে কোনো বৈদ্যুতিক ফ্যান না থাকায় তীব্র গরমে ছোট ছোট শিশুরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে। বিদ্যালয়ের পাশেই নোংরা পানির ডোবা বা খাল থাকায় এডিস মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে, যা ডেঙ্গুসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে স্কুলটি বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। বর্তমানে গোলাপবাগে টিনের বেড়া দিয়ে ঝুঁকিপূর্ণ স্থাপনা তৈরি করে পাঠদান চলছে। কিন্তু শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয়ের কোনো বৈধ অনুমোদন ছাড়াই নামমাত্র সাইনবোর্ড ঝুলিয়ে প্রতিষ্ঠানটি রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত কলাপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ রেজা দাবি করেন, “আমরা পাঠদানের অনুমতির জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেছি। শিক্ষা বোর্ড থেকে সাময়িকভাবে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কার্যক্রম চালাচ্ছি। এছাড়া আমাদের স্কুলের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বই ‘সোবাহান সিকদার মডেল একাডেমি’ থেকে সরবরাহ করে শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে।”
তবে প্রধান শিক্ষকের এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে উপজেলা শিক্ষা বিভাগ। এ বিষয়ে কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান স্পষ্ট জানিয়ে বলেন, “কলাপাড়া আইডিয়াল স্কুলের স্থাপনা নির্মাণ বা পাঠদানের কোনো বৈধ অনুমোদন নেই। বর্তমান নিয়মানুযায়ী শিক্ষা বোর্ড থেকে নতুন স্কুলের স্থাপনা বা পাঠদানের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই; এর জন্য সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, “অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অবৈধভাবে কার্যক্রম চালাতে পারে না। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি যে কলাপাড়া আইডিয়াল স্কুল কোনো ধরনের অনুমোদন না নিয়েই পাঠদান চালিয়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে খুব শীঘ্রই কলাপাড়ায় অবৈধভাবে পরিচালিত এ ধরনের সকল অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।” ছবি প্রতিবেদক।
