স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের কোতোয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির সঙ্গে জড়িত এক সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা মোঃ রিপন হোসেনের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সরঞ্জামাদিসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছা উপজেলার গোডাউন কলাগাছি গ্রামের মোঃ ইমান আলীর ছেলে মোঃ রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের মোঃ শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক (২২) এবং একই উপজেলার জলিলপুর গ্রামের মোঃ সজল আলীর ছেলে মোঃ সিয়াম আলী (২২)।
বিজ্ঞাপন
এসআরবি-৬ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে ওই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া আইডি কার্ড ও বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে অনলাইনে সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছিল।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, ৫টি কম্পিউটার মনিটর, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৪টি কম্পিউটার পিসি, ১টি আইডি পিনকার্ড, ৪টি কিবোর্ড, ৪টি মাউস, ১টি কালার প্রিন্টার, একাধিক বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, ১টি পাওয়ার ব্যাংক এবং ১টি ওয়েব ক্যামেরা উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।
এসআরবি-৬ জানায়, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর আটককৃত চারজন ও উদ্ধারকৃত মালামালসহ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

