রফিক মন্ডল,কোটচাঁদপুর, ঝিনাইদহ :
ঝিনাইদহের কোটচাঁদপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কোটচাঁদপুর পৌরসভার মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তরা ইউনিক পরিবহন কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কোটচাঁদপুর পৌরসভার হলপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে মো. সুমন (২৭) এবং উপজেলার দুধসরা গ্রামের জয়নালের ছেলে রানা (৩৪)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়িতে কর্মরত সার্জেন্ট মো. অহিদ মুরাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযানে বের হয়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খবর আসে যে পরিবহন কাউন্টারের সামনে মাদক বেচাকেনা চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে সুমন ও রানাকে হাতেনাতে আটক করে।
আটককৃতদের তল্লাশি করে হালকা গোলাপি রঙের ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় সার্জেন্ট মো. অহিদ মুরাদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোটচাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-১৯, তারিখ: ২৬/০৯/২০২৬) দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ছবি সংগৃহীত।

