স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে মাদকমুক্ত সমাজ গঠনের অংশ হিসেবে ঝটিকা অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ সাড়ে তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোনসহ মোঃ রুবেল গাজী (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে মণিরামপুর উপজেলার ৫ নম্বর হরিদাসকাঠি ইউনিয়নের হেটুরী বাহাদুরপুর গ্রাম থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ রুবেল গাজী ওই গ্রামের মোঃ আবুল হোসেন ও রুমিছা বেগমের ছেলে।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানাধীন মধুপুর থেকে হোগলাডাঙ্গা সড়ক সংলগ্ন হেটুরী বাহাদুরপুর গ্রামে ডিএনসি’র একটি টিম বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই স্থানে অবস্থিত আসামি মোঃ রুবেল গাজীর নিজস্ব মালিকানাধীন ও দখলীয় ‘মেসার্স রাব্বি ট্রেডার্স’ নামের একটি এককক্ষ বিশিষ্ট ছাদযুক্ত গোডাউন ঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশি চালিয়ে গোডাউনের ভেতর থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা অবৈধ ৩ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং ১টি মোবাইল সেট জব্দ করা হয়। একই সময় ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে রুবেল গাজীকে হাতেনাতে গ্রেপ্তার করেন ডিএনসি’র সদস্যরা।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) জনাব শাহরিয়ার হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত আলামত ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।
