স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। জেলাজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে (১ জানুয়ারি ২০২৬ হতে অদ্যাবধি) জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১৩ জনে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) যশোর সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা এবং পরিসংখ্যানবিদ মোঃ শামসুল ফালাক কর্তৃক প্রস্তুতকৃত এ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ৮ জন রোগীর সবাই সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে অভয়নগরে ১ জন, বাঘারপাড়ায় ৪ জন, মণিরামপুরে ১ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ জন, চৌগাছায় ৬ জন, কেশবপুরে ১৩ জন, মণিরামপুরে ৮ জন, শার্শায় ১৩ জন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে, যার দুটি ঘটনাই ঘটেছিল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে।
এছাড়া এ পর্যন্ত জেলাজুড়ে মোট ৯৭৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এবং উন্নত চিকিৎসার জন্য ১৯ জনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ছবি সংগৃহীত।

