স্ফুলিঙ্গ রিপোর্ট :
খুলনার ফুলতলা উপজেলা থেকে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কর্মচারী আরিফুল ইসলাম শেখ (৩০) নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোরবেলা ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আরিফুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নের পোলঘাট গ্রামের অধিবাসী শেখ আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমানে পিডিবিএফ-এর ফুলতলা, খুলনা শাখায় সরকারি কর্মজীবী হিসেবে নিয়োজিত আছেন।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৫টার দিকে ফুলতলার দামোদর এলাকার নিজ ভাড়া বাসা থেকে বের হন আরিফুল। এরপর আর তিনি ঘরে ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি ছাড়াও আত্মীয়-স্বজন ও সহকর্মীদের সাথে যোগাযোগ করেও তাঁর কোনো খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সন্তানকে না পেয়ে পরিবারটি চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর নিখোঁজের ভাই ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন (জিডি নম্বর: ১১৫০)। জিডির ভিত্তিতে পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক মাধ্যম আরিফুলকে খুঁজে বের করতে মাঠে নেমেছে।
নিখোঁজ আরিফুলের বড় ভাই জানান, “আমার ভাই ২১ তারিখ ভোরবেলা বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খুঁজেও আমরা তার কোনো সন্ধান পাচ্ছি না। পুরো পরিবার তাকে নিয়ে চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে রয়েছে।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি আরিফুল ইসলামের সন্ধান পান বা তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে তাঁর ভাইয়ের মোবাইল নম্বরে (০৭১২২২৮৩০৯৪) জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে। ছবি সংগৃহীত।
