খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬টি তাজা কার্তুজসহ মোঃ মেহেদী হাসান রানা (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সোনাডাঙ্গা থানাধীন ৯৪/১, নাজিরঘাট মেইন রোডস্থ আসামির বসতঘরে এই সশস্র তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মেহেদী হাসান রানা। তিনি সোনাডাঙ্গা এলাকার নাজিরঘাট মেইন রোডের বাসিন্দা রেজাউল ইসলাম ও মৃত রাবেয়া বেগমের ছেলে।
বিজ্ঞাপন
কেএমপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম নাজিরঘাট মেইন রোডে রানার বসতবাড়িতে অভিযান চালায়। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে প্রায় ৪.৫ ইঞ্চি লম্বা একটি কালো রঙের ধাতব পাইপের সন্ধান মেলে। লাল ও কালো রঙের টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ওই ধাতব পাইপের ভেতর থেকে ১৬ পিস কার্তুজ উদ্ধার করা হয়। একই সাথে কার্তুজগুলো নিজ হেফাজতে রাখার অপরাধে রানাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রানার বিরুদ্ধে পূর্বেও ৪টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ১৮৭৮ সালের সংশ্লিষ্ট অস্ত্র আইনে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

