স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলার বীর সন্তান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ (৭৫) আর নেই। আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে ঝিকরগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশমাতৃকার স্বাধীনতায় বীরত্বের সঙ্গে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। জীবনযুদ্ধের দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী হিসেবে অতিবাহিত করার পর সম্প্রতি অসুস্থতাজনিত কারণে দেশে ফিরে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে পুরো ঝিকরগাছা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা এবং তার সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
