স্ফুলিঙ্গ রিপোর্ট :
১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, জনসম্মুখে উপস্থিতি জানান দেওয়া এবং রাষ্ট্রের স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিরোধে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সতর্ক অবস্থানে রয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টার দিকে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে খাবার বিতরণকালে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ীগেট রেললাইন সংলগ্ন পারভীনের বাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কিছু সদস্য জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়ে খাবার বিতরণ শুরু করে। খাদ্য বিতরণের আড়ালে ১৫ আগস্টকে পুনর্জাগরিত করা, পরবর্তী সময়ে যেকোনো ধরনের নাশকতা সৃষ্টি এবং রাষ্ট্রের বর্তমান স্থিতিশীল পরিবেশকে বিঘ্নিত করার অপকৌশল চালায় তারা। বিষয়টি নজরে আসার পর খানজাহান আলী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের এই অপপ্রয়াস ও কার্যক্রম রুখে দেয়।
বিজ্ঞাপন
আটককৃত ব্যক্তিরা হলেন ফুলবাড়ীগেট ৪ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন এলাকার মৃত নাসির মুন্সীর স্ত্রী পারভীন বেগম (৫০), তাঁর মেয়ে নীলা বেগম (৩২), একই এলাকার মোঃ বাদশা মিয়ার স্ত্রী মোসাঃ বিলকিস বেগম (৪৩) এবং যোগীপোল ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলম হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৫)।
খানজাহান আলী থানা পুলিশ জানিয়েছে, আটককৃত চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইন ভঙ্গ করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানো বা জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টায় খুলনা মহানগর পুলিশ কঠোর নীতি বজায় রাখবে। ছবি সংগৃহীত।
