স্ফুলিঙ্গ ডেক্স :
আগামী পাঁচ বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজ সংসদীয় এলাকার জনসাধারণের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তাঁকে এমন বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া ওই ভিডিও বার্তায় নিজের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা বলেন, আগামী পাঁচ বছরের জন্য কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী। সরকার যেসব উন্নয়ন বাজেট দেবে, সেগুলো শেষ পর্যন্ত আমির হামজার হাতেই আসবে। সরকার তো এই বাজেট কোনো ফেরেশতার হাতে দেবে না।
বিজ্ঞাপন
জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মানুষ কেন ফেরেশতাদের কথায় নেচে ওঠে যে অমুক উন্নয়ন কাজ করে দিয়েছে? সে কি তাঁর নিজের বাবার টাকা এনে উন্নয়ন করবে? এ ধরনের পাগলামি বিশ্বাস করার কোনো কারণ নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৩ আসনের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কৃতিত্ব ও অংশীদারিত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার মনস্তাত্ত্বিক টানাপোড়েন চলছে। স্থানীয় রাজনীতির সেই অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের প্রতি প্রেক্ষাপটেই এমপি আমির হামজা এমন শক্ত বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকে তা নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

