স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, পৌর বিএনপির সাবেক সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ হারুন অর রশিদ বিশ্বাস (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তিনি আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) ভোররাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণে ঝিকরগাছার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার বাদ জোহর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বেগম রোকেয়া মঞ্চ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে। জানাজা শেষে মোবারকপুরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মোবারক শাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশফিকুর রহমান।
বিজ্ঞাপন
জানাজাপূর্ব স্মৃতিচারণমূলক বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, হারুন অর রশিদ বিশ্বাস ছিলেন একজন অত্যন্ত সৎ, নির্হংকার, জনবান্ধব ও সাদা মনের প্রবীণ রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় দল ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে ঝিকরগাছা উপজেলাবাসী একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক অভিভাবককে হারাল।
স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, মরহুমের মেঝো ছেলে মারুফ বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।
জানাজায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাংগঠনিক সম্পাদক শহিদুল বারি রবু, জেলা বিএনপি নেতা আলহাজ্ব আনিছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাজিব মাহমুদ, আসাদুজ্জামান শাহিন, আমিনুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ছবি সংগৃহীত।
