বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ৮ নভেম্বর ২০২৬
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ৫৫তম ‘জাতীয় সমবায় দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই দিবসটি উপলক্ষে আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য ও সুশৃঙ্খল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পায়রা মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার, খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম এবং শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি মো. নুরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনের সঠিক গুরুত্ব ও গ্রামীণ অর্থনীতিতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপজেলার বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির নেতৃবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় পরিচালিত প্রয়াস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ একতা, জনতা, সততা ও সমতা কো-অপারেটিভ সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটির উদযাপনের অংশ হিসেবে কলাপাড়ার স্থানীয় পর্যায়ে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দুটি সফল সমবায় সমিতি এবং পাঁচজন সফল সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ছবি প্রতিবেদক।
