বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ গত শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে কলাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকা থেকে একটি বহুমূল্যবান বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। কলাপাড়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, চুরি হওয়া ওই ট্রান্সফরমারটির মূল্য ৯০ হাজার ২৫৫ টাকা এবং এটি ৬ হাজার ৩৫০ ভোল্টের ছিল। কেবল পৌর শহর নয়, বরং উপজেলার লালুয়া, বালিয়াতলী, মহিপুর ও লতাচাপলিসহ বিভিন্ন ইউনিয়ন থেকেও একের পর এক ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ার খবর জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবদুর রহমান জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধুমাত্র মহিপুর ও কলাপাড়া এলাকায় মোট ২০টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। একের পর এক এমন চুরির ঘটনায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
বিজ্ঞাপন
এ বিষয়ে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; ধারণা করা হচ্ছে কোনো সংঘবদ্ধ চোর চক্র পরিকল্পিতভাবে একের পর এক এসব অপরাধ সংঘটিত করে আসছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন। ছবি প্রতিবেদক।
