স্ফুলিঙ্গ রিপোর্ট :
উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী গণমাধ্যম সংগঠন ‘প্রেসক্লাব যশোর’-এর ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক মেয়াদের ভোটগ্রহণ চলছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) নির্ধারিত সময় সকাল ১০টা থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হওয়া এই ভোটগ্রহণ কোনো প্রকার বিরতি ছাড়াই টানা বিকেল ৩টা পর্যন্ত চলবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রার্থীদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে পুরো ক্লাব প্রাঙ্গণে বিরাজ করছে এক আনন্দঘন পরিবেশ।
ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী, প্রেসক্লাব যশোরের অনুমোদিত তালিকাভুক্ত ১২১ জন ভোটার সাংবাদিক তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। বিকেল ৩টায় ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পরপরই শুরু হবে গণনা কাজ এবং একই স্থানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
নির্বাচনী চূড়ান্ত প্রার্থীর বিন্যাস অনুযায়ী, ক্লাবের শীর্ষ ‘সভাপতি’ পদের মর্যাদাপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হয়েছেন ফকির শওকত এবং জাহিদ হাসান টুকুন। অন্যদিকে ‘সহসভাপতি’ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন।
সবচেয়ে কৌতুহল উদ্দীপক ‘সাধারণ সম্পাদক’ পদে ত্রিপক্ষীয় লড়াই জমে উঠেছে। এ পদে প্রার্থী হয়েছেন নূর ইসলাম, জুয়েল মৃধা এবং ওহাবুজ্জামান ঝন্টু। এছাড়াও ‘যুগ্ম সম্পাদক’ পদে লড়াই করছেন কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী এবং ‘সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক’ পদের লড়াইয়ে রয়েছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।
এ নির্বাচনে ৬টি কার্যকরী সদস্য পদের জন্য মোট ৮ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। তাঁরা হলেন— আব্দুল ওয়াহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস.এম. সোহেল এবং সফিকুল আলম (সফিক সায়ীদ)।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ দুটি পদ— ‘কোষাধ্যক্ষ’ পদে জাহিদ আহমেদ লিটন এবং ‘দপ্তর সম্পাদক’ পদে তহীদ মনি একক প্রার্থী হিসেবে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট হাজী মোস্তাফিজুর রহমান মুকুল জানান, সকল প্রকার জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অত্যন্ত অবাধ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা অত্যন্ত আনন্দের সাথে ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
গণমাধ্যমকর্মীদের বহুল প্রতীক্ষিত এই দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফল জানতে পুরো যশোর জেলাজুড়ে কৌতূহল ছড়িয়ে পড়েছে। ফাইল ছবি সংগৃহীত।
