মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বসুন্দিয়া ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করেছে কোটচাঁদপুর ফুটবল একাদশ। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে বিজয়ী দলের হয়ে একাই তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন স্বপন।
বিকেলে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি। রেফারির বাঁশি বাজার পর শুরু হওয়া খেলার প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোনো গোল না হওয়ায় গোলশূন্য সমতায় বিরতিতে যায়।
বিজ্ঞাপন
বিরতির পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কোটচাঁদপুর একাদশ। এ অর্ধে দলের স্ট্রাইকার স্বপন পরপর তিনটি গোল করে দলকে এগিয়ে নেন। অন্যদিকে বসুন্দিয়া একাদশ একটি গোল শোধ করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে। দুর্দান্ত হ্যাটট্রিক করার সুবাদে কোটচাঁদপুরের স্বপন ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।
ম্যাচটি পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নায়মুর রহমান রানা, টুটুল হোসেন ও খায়রুল ইসলাম এবং ধারাভাষ্য দেন রবিউল ইসলাম। খেলাটি উপভোগ করতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ করা যায়।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় এ টুর্নামেন্টের আজকের ম্যাচে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল, নুরুল ইসলাম, মাসুদ জোয়াদ্দার, সাইদুর রহমান শাহিন, ওয়াসিম ও লেখন সর্দারসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। ছবি প্রতিবেদক।
