স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ‘উইনসেরেক্স’ (WINCEREX COUGH SYRUP) কফ সিরাপ ও একটি ইজিবাইকসহ মোঃ সবুজ খান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ভোরের দিকে শার্শা থানাধীন পাকশিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া (নিমতলা) গ্রামের মোঃ জাহান আলী খাঁ-র ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিসুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পাকশিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত ৩টা ৩০ মিনিটের দিকে পাকশিয়া বাজারের ব্রিজ সংলগ্ন উত্তর পাশে এক চা দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি ইজিবাইকের গতিপথ রোধ করা হয়।
পরবর্তীতে ইজিবাইকটি তল্লাশি করে ভেতরে কৌশলে রাখা ২০০ বোতল অবৈধ ‘উইনসেরেক্স’ কফ সিরাপ উদ্ধার করা হয় এবং পরিবহন কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
