প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং স্বনামধন্য মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’-এর বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে রাইটস যশোর’র নিজস্ব কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের যশোর শাখার ডেপুটি ম্যানেজার এস এম সাদ উদ্দিন।
বিজ্ঞাপন
সভায় স্বাগত বক্তব্য দেন রাইটস যশোর’র ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত এবং মূল প্রবন্ধ ও প্রকল্পের কর্মপরিকল্পনা তুলে ধরেন রাইটস যশোর’র ডিরেক্টর ট্রেনিং ও ‘আশ্বাস’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম আজহারুল ইসলাম। তিনি সভার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, প্রান্তিক ও দক্ষ নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সঠিক বাজারে পৌঁছানোর জন্য বেসরকারি খাতের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন অত্যন্ত জরুরি।
আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে আরও বক্তব্য দেন অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্র, নারী উদ্যোক্তা ও ভোজন বাড়ির স্বত্বাধিকারী রুপালি খাতুন, স্বপ্ন বুনন হস্তশিল্পের প্রতিনিধি সোনিয়া পারভীন, মনিরামপুরের অপরূপা হস্তশিল্পের প্রতিনিধি রিতা দত্ত এবং যশোর নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের প্রতিনিধি জেসমিন আক্তার প্রমুখ। বক্তারা নারী উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং বেসরকারি খাতের সহযোগিতা কামনা করেন।
সভায় ‘আশ্বাস’ প্রকল্পের সার্বিক লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাইটস যশোর’র ‘আশ্বাস’ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট (সেলফ এমপ্লয়মেন্ট) বিপ্লব কুমার রাহা এবং সাইকোসোশ্যাল কাউন্সেলর তন্দ্রা দাস। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন ‘আশ্বাস’ প্রকল্পের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি। ছবি সংগৃহীত।

