কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৯১০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি নিয়মিত মামলায় সাবদালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ভগবানপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর থেকে ইয়াবা বিক্রির সময় মো. সুমন মন্ডলকে (৩১) হাতেনাতে আটক করা হয়। তিনি ভগবানপুর গ্রামের মৃত মোশারফ মন্ডলের ছেলে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারের সময় সুমন মন্ডলের হেফাজত থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২০ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ দশমিক ৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কোটচাঁদপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অপর একটি বিশেষ দল অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি মো. জুয়েল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে। তিনি উপজেলার সাবদালপুর গ্রামের মৃত অহিদুল ইসলামের ছেলে এবং সাবদালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, জুয়েল হোসেনের বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলা (মামলা নং-১৬, জিআর নং-১১৮/২৬) রয়েছে। ওই মামলার তদন্তের সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান পৃথক দুটি অভিযানে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।
