স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
পলাতক ও ফেরারি আসামিদের অবৈধ সীমান্ত পারাপার রোধ এবং দুষ্কৃতকারীদের ইন্ধনে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে যশোর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উদ্যোগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তার এই কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়। সভায় সীমান্ত অপরাধ দমন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে সাংবাদিক ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।
মতবিনিময় সভায় বিজিবি কর্তৃপক্ষ জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার জন্য অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। দিন ও রাতের যেকোনো সময় দুর্গম এবং অন্ধকার এলাকায় অবৈধ অনুপ্রবেশ শনাক্ত করতে সীমান্তে থার্মাল ড্রোন, নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, নাইট ভিশন গগলস, সিসি ক্যামেরা এবং নাইট ভিশন বাইনোকুলারের মতো আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞাপন
এছাড়া পলাতক অপরাধীদের গতিবিধি ও তাদের সহায়তাকারী দালাল চক্রের তৎপরতা রুখতে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে এবং আন্তঃসংস্থা সমন্বয় বাড়াতে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদান করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে নিয়মিত মাইকিং ও মতবিনিময় সভা করে অবৈধ পারাপারে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।
সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে তিনটি প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রত্যাশা করেছে যশোর ব্যাটালিয়ন। এর মধ্যে রয়েছে—অবৈধ অনুপ্রবেশ বা অস্থিতিশীলতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে আশ্রয় না দেওয়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে মানবপাচারকারী দালাল চক্র বা অবৈধ পারাপারের রুট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানিয়ে আইনি ব্যবস্থা নিতে সহায়তা করা।
যেকোনো জরুরি তথ্য বা সন্দেহজনক গতিবিধির খবর জানাতে বিজিবির পক্ষ থেকে ০১৭৬৯৬০৪১১৫ নম্বরটি জরুরি হটলাইন হিসেবে নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্য প্রদানকারীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।
সভায় বিজিবির পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, কোনো বিতর্কিত, নিষিদ্ধ কিংবা পলাতক ও ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলে বা দেশ ছেড়ে পালানোর পাঁয়তারা করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের অখণ্ডতা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সীমান্তে এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

