স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
যশোর জেলা পুলিশের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে জেলার গুরুত্বপূর্ণ দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পারস্পরিক রদবদল করা হয়েছে। সর্বশেষ এই সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানা এবং চৌগাছা থানার ওসিদের একে অপরের কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল পোর্ট থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদ তিতুমীরকে চৌগাছা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে, চৌগাছা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেনকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল পোর্ট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আদেশের ফলে দুই পুলিশ পরিদর্শক এখন থেকে পরস্পরের পূর্ববর্তী কর্মস্থলে নেতৃত্ব দেবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই যশোর জেলা পুলিশে বড় ধরনের একটি রদবদল হয়েছিল। গত ২৬ অক্টোবর যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে জেলার সাতজন পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানায় ও পদে পদায়ন করা হয়। ওই সময় যশোর কোতোয়ালি মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি এবং যশোর কোর্ট পুলিশের তৎকালীন পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
প্রশাসনিক এই সর্বশেষ রদবদলের মাধ্যমে সীমান্তবর্তী এই দুটি গুরুত্বপূর্ণ উপজেলায় অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের পুলিশি সেবা প্রাপ্তি আরও সহজতর হবে বলে মনে করছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফাইল ছবি সংগৃহীত।
