স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল বিদেশি মদসহ দুজনকে আটক করেছে এসআরবি-৬-এর একটি চৌকস দল। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার ধলগা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।
বিজ্ঞাপন
অভিযান সূত্র জানায়, রাজধানী ঢাকা থেকে একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান যশোরের দিকে আসছে—এমন গোপন ও নির্ভরযোগ্য তথ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। ওই তথ্যের ভিত্তিতে ধলগা বাজার এলাকায় অবস্থান নেয় এসআরবি-৬-এর সদস্যরা। পরবর্তীতে সন্দেহভাজন প্রাইভেটকারটির গতি রোধ করে তল্লাশি চালালে গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—ফরিদপুর জেলার মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদক পাচার চক্রের অন্য কোনো সদস্য এর সঙ্গে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
