স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ দৈনিক প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশিত জেলা সিভিল সার্জন অফিসের তথ্য বিবরণী অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে অদ্যাবধি জেলায় সর্বমোট ২ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৯ জন রোগীর সকলেই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। উপজেলাভিত্তিক চিকিৎসাধীন রোগীর মধ্যে মনিরামপুরে ৭ জন, কেশবপুরে ৩ জন, অভয়নগরে ২ জন, চৌগাছায় ২ জন এবং শার্শা উপজেলায় ২ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে বাঘারপাড়া ও ঝিকরগাছা উপজেলায় নতুন কোনো ভর্তি রোগী নেই।
বিজ্ঞাপন
বর্তমানে যশোরের বিভিন্ন হাসপাতালে মোট ১২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে অভয়নগরে ২৬ জন, শার্শায় ২৫ জন, যশোর ২৫০ শয্যা হাসপাতালে ২১ জন, কেশবপুরে ১৬ জন, মনিরামপুরে ১৩ জন, বাঘারপাড়ায় ১১ জন, চৌগাছায় ৪ জন এবং ঝিকরগাছায় ৭ জন ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ১৩২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে মোট ৪২ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।
রিপোর্টটি প্রস্তুত করেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মোঃ শামসুল ফালাক এবং প্রতিবেদনটি অনুমোদন করেন যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা। সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সজাগ থাকার এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
