স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাগুরার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোতাকাব্বীর আহমেদ। নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি জনাব কাজী মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
বিজ্ঞাপন
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার জনাব পার্থ প্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিক এবং জেলা জাসাসের আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আ.ন.ম. কাজী সিরাজ উদ্দিন মিহির।
অনুষ্ঠানে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে সাহিত্য ও সুস্থ সংস্কৃতিচর্চার মৌলিক প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “সুস্থ সংস্কৃতি ও সাহিত্যচর্চা মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির চর্চায় স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত করা প্রয়োজন।”
বক্তব্যের পাশাপাশি পুলিশ সুপার স্বকণ্ঠে কবিতা আবৃত্তিতেও অংশ নেন। তাঁর সাবলীল ও আবেগঘন পরিবেশনা উপস্থিত অতিথি, সাহিত্যপ্রেমী ও দর্শকদের মাঝে বিশেষ আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি করে।
বক্তারা উল্লেখ করেন, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর দীর্ঘ ৫২ বছরের নিরবচ্ছিন্ন পথচলা মাগুরার সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য ও গৌরবময় অধ্যায় হিসেবে পরিচিত হয়ে থাকবে। ছবি সংগৃহীত।

