স্ফুলিঙ্গ রিপোর্ট :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সুদৃঢ় লক্ষ্য নিয়ে মাগুরা জেলার চারটি থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর ২০২৬ তারিখে মাগুরা জেলার বিভিন্ন থানায় এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
মাগুরা সদর থানা ও শালিখা থানায় অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)।
বিজ্ঞাপন
তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে তিনি পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে নিবিড় পারস্পরিক সমন্বয় বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এদিকে, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা ও দিকনির্দেশনার আলোকে শ্রীপুর থানায় ব্রিফিং প্যারেড পরিচালনা করেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম। তিনি মাঠপর্যায়ের সদস্যদের পূজামণ্ডপের নিরাপত্তা বিধান, সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, মহম্মদপুর থানায় ব্রিফিং প্যারেড পরিচালনা করেন শালিখা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা নিশাত আল নাহিয়ান। তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শনের পরামর্শ দেন।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় শারদীয় দুর্গাপূজার পুরো সময়জুড়ে জেলার প্রতিটি মণ্ডপের নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
