স্ফুলিঙ্গ রিপোর্ট :
গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে প্রাচ্যসংঘ যশোরের দুই নিবেদিতপ্রাণ সুহৃদ—জীবন সদস্য ফিরোজা জামান মিনি এবং প্রাচ্য একাডেমির সংগীত বিভাগের শিক্ষক সাঈদ আহমেদ অ্যাপোলোকে স্মরণ করেছেন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
আজ শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে প্রাচ্যসংঘ যশোরের ওবায়দুল বারী অডিটোরিয়ামে এ স্মারক আলোচনা, শোকসভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের সভাপতি খবির উদ্দিন সুইট।
স্মরণসভায় মরহুমদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বিশিষ্ট গবেষক, লেখক ও সাংবাদিক বেনজীন খান, সুপ্রিম কাউন্সিল সদস্য ইকবাল আখতার টিয়া, আকসাদ আহম্মেদ সিদ্দিকী শৈবাল, কবি কাসেদুজ্জামান সেলিম, মোর্তজা আহমেদ, সাংবাদিক নূর ইসলাম এবং কবি কাজী শাহেদ নেওয়াজসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, মৃত্যু জীবনের অনিবার্য পরিণতি হলেও মানুষের কল্যাণমুখী কর্মই তাঁকে চিরস্মরণীয় করে রাখে। মরহুমা ফিরোজা জামান মিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ মানবিক ব্যক্তিত্ব, যিনি নিঃস্বার্থভাবে স্বেচ্ছাশ্রমে শিক্ষকতা করে গেছেন। অপরদিকে, সাঈদ আহমেদ অ্যাপোলো ছিলেন একজন অত্যন্ত বিনয়ী ও দেশপ্রেমিক গুণী সংগীতজ্ঞ এবং কৃষিবিদ। তিনি অসুস্থ বাবা-মায়ের সেবার তাগিদে ভালো সরকারি চাকরির লোভ ত্যাগ করে যশোরেই থেকে সংগীত চর্চা ও মানুষের সেবা করে গেছেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই ফিরোজা জামান মিনি এবং ২৯ জুলাই সাঈদ আহমেদ অ্যাপোলো মৃত্যুবরণ করেন। মাত্র দুই দিনের ব্যবধানে এই দুই গুণী সুহৃদকে হারিয়ে প্রাচ্যসংঘ পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে।
স্মরণসভা শেষে মরহুমদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ছবি সংগৃহীত।

