চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় একটি গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ১১টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জনাব নিতাই রায় চৌধুরী এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে সম্মান জানায়।
পরবর্তীতে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিসেস লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জনাব নিতাই রায় চৌধুরী। এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার এবং জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ শরীফুজ্জামান শরীফ।
বিজ্ঞাপন
সভায় পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন বহুমুখী কার্যক্রমের চিত্র তুলে ধরেন। জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সকল সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে নীতিনির্ধারক ও কর্মকর্তারা মতবিনিময় করেন।
উক্ত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, চুয়াডাঙ্গা জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ (ওসি) এবং সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ দমনে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের মনে নিরাপত্তাবোধ ও প্রশাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় করার লক্ষে সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সুসমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ছবি সংগৃহীত।

