জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি মোটরসাইকেলের বিশেষ গোপন চেম্বার থেকে ৪৬ বোতল অবৈধ এস্কাফ সিরাপসহ মো. মোস্তাহিদুল ইসলাম @ রিয়াদ (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে জীবননগর বাজারস্থ নারায়ণপুর মোড়ের সীমান্ত ইলেকট্রনিক্স দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জীবননগর থানার এসআই (নিঃ) শোভন দাস ও তাঁর সঙ্গে থাকা সঙ্গীয় পুলিশ ফোর্স।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বাজারস্থ নারায়ণপুর মোড় এলাকায় চেকপোস্ট ও পাহারা বসায় পুলিশ। এ সময় একটি পুরাতন কালো রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামানো হয়। পরবর্তীতে বাইকটিতে নিবিড় তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের শরীরের বিভিন্ন স্থানে অত্যন্ত সুকৌশলে তৈরি করা গোপন চেম্বারে বিশেষ কায়দা থেকে মোট ৪৬ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ (ESkuf) সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪৬,০০০ টাকা। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ওই মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মোস্তাহিদুল ইসলাম @ রিয়াদ (৩৩)। তিনি মাগুরা সদর উপজেলার মির্জাপুর গ্রামের আ. রউফ মুন্সী ও শাহনাজ পারভীন দম্পতির ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর থানার ইছাখাদা বাজার সংলগ্ন শাহানা খাতুনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ছবি সংগৃহীত।

