নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে জীবননগর থানার গয়েশপুর উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জীবননগর থানার এসআই (নিঃ) পলাশ আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ অক্টোবর বিকেল পৌনে পাঁচটার দিকে জীবননগর থানাধীন গয়েশপুর উত্তরপাড়া গ্রামের আসামি মো. দেলোয়ার হোসেন দেলুর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘরের রান্নাঘরের ভেতর থেকে ২৩৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf Syrup এবং ২১৬ বোতল অবৈধ মাদকদ্রব্য WINCEREX উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা।
বিজ্ঞাপন
অভিযানকালে নিজ বসতবাড়ি থেকে মাদক কারবারি মো. দেলোয়ার হোসেন দেলুকে (৫২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন জীবননগরের গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মৃত আয়নাল মন্ডল ও মোছা. চায়না খাতুনের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ছবি সংগৃহীত।
