দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই পথে ভারত থেকে পাচার করে আনা প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী, ক্রিম এবং দুটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িসহ দুই চোরাকারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার, (২১ অক্টোবর ২০২৬) বিকেল চারটা পাঁচ মিনিটে দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ঠিক সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সদাবরী পশ্চিমপাড়ার মৃত আবুল দফাদারের ছেলে মো. জহিরুল হক (৪০) এবং একই থানার সদাবরী মাদ্রাসাপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে মো. আসানুর হক (৩৫)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) জুম্মান খাঁন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সামনে ‘আব্দুল আহাদ ট্রেডার্স’ নামক একটি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর সন্দেহভাজন দুটি ব্যাটারিচালিত ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশি চালিয়ে ভ্যানের ওপর থাকা চোরাই পথে আনা বিভিন্ন বিদেশি প্রসাধনী ও ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৭৬ পিস পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ (প্রতিটি ১০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৯১ হাজার ৫২০ টাকা), ১ হাজার ৩ পিস নিভিয়া সফট ক্রিম (প্রতিটি ২৪.৬ গ্রাম, আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার ৪২০ টাকা), ৬৮০ পিস ক্লোবেটাসল প্রোপোনেট অ্যান্ড জেন্টামাইসিন সালফেট ক্রিম (প্রতিটি ৩০ গ্রাম, আনুমানিক মূল্য ৬৮ হাজার টাকা) এবং চোরাচালানে ব্যবহৃত পুরাতন কিন্তু সচল দুটি ব্যাটারিচালিত পাখি ভ্যান (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা)। জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৩ হাজার ৯৪০ টাকা।
পুলিশ যথাযথ নিয়মে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় চোরাচালান ও সরাবরাহের অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ছবি সংগৃহীত।

