বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
তারিখ: ২ নভেম্বর ২০২৬
ভুলবশত বাস পরিবর্তন করে দীর্ঘ ২৭৭ কিলোমিটার দূরের অচেনা গন্তব্যে হারিয়ে যাওয়া সেই বৃদ্ধা কুলসুম বেগম ওরফে শানু খালা অবশেষে ফিরছেন নিজের পরিচিত নীড়ে। পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম ‘ স্ফুলিঙ্গ ডিজিটাল” ’-এ তাঁর নিখোঁজ ও করুণ দূরবস্থার কথা উল্লেখ করে সংবাদ প্রকাশের পরেই উন্মোচিত হয় তাঁর সঠিক পরিচয়। প্রশাসনিক সমন্বয় ও মানবিক সহায়তায় এখন তাঁকে ঝিকরগাছায় ফেরত পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া চলছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত কুদ্দুস শিকদারের স্ত্রী কুলসুম বেগম গত ১২ দিন আগে তাঁর পালিত নাতনির বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার উদ্দেশ্যে রওনা হন। তবে ভুলবশত বাসের স্টাফদের অসংলগ্নতায় কলারোয়ার পরিবর্তে তিনি পটুয়াখালীর কলাপাড়ায় গিয়ে পৌঁছান। অচেনা পরিবেশে পথ হারিয়ে পথে পথে ঘুরতে দেখে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়ায়’-এর সভাপতি নয়নাভিরাম গাইনের নজরে আসেন তিনি। নাম-পরিচয় জানতে চাইলে বৃদ্ধা কেবল ‘ঝিকরগাছা’ ছাড়া বিস্তারিত কিছু বলতে পারছিলেন না।
বিজ্ঞাপন
পরবর্তীতে বিষয়টি নিয়ে ‘ স্ফুলিঙ্গ’-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হলে ঝিকরগাছা থেকে তাঁর পরিচিতজন ও সমাজসেবা অধিদপ্তর প্রতিনিধিরা তাঁকে শনাক্ত করেন। জানা যায়, রক্তসম্পর্কের কোনো আত্মীয় কিংবা নিজস্ব ভিটেমাটি না থাকলেও কৃষ্ণনগর এলাকায় অন্যের জমিতে ঝুপড়ি ঘরে বসবাস করা কুলসুম বেগমকে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত স্নেহ ও ভালো ভালোবাসেন। তাঁর সন্ধান পেয়ে তাঁরাও আকুল হয়ে অপেক্ষা করছেন তাঁকে ফিরিয়ে নেওয়ার জন্য।
এদিকে স্ফুলিঙ্গ-এর সংবাদটি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের দৃষ্টিগোচর হলে তিনি কালবিলম্ব না করে সরাসরি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফোনালাপে যোগাযোগ করেন। পরবর্তীতে ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত মনোয়ারা বেগম আশ্রয়দাতা স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়ায়’-এর সভাপতি নয়নাভিরাম গাইনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে শানু খালার অবস্থান ও পরিচয় নিশ্চিত করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়ায়’-এর সভাপতি নয়নাভিরাম গাইন জানান, মানবিক কারণে তারা অসহায় এই প্রবীণ নারীকে সাময়িক আশ্রয় দিলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তারা কলাপাড়া ও ঝিকরগাছা উপজেলা প্রশাসন এবং সমাজসেবা বিভাগের প্রতি বৃদ্ধাকে নিরাপদে নিজস্ব এলাকায় পৌঁছে দেওয়ার আকুল আবেদন জানিয়েছিলেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, পুরো ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে তিনি সজাগ রয়েছেন। ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সমাজসেবা দপ্তরের মাধ্যমে কুলসুম বেগমকে সসম্মানে তাঁর চেনা ঠিকানায় পৌঁছে দেওয়ার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক

