স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ২ নভেম্বর ২০২৬
যশোর সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ টহলদল এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকা সংলগ্ন বেনাপোল আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক দুটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এই সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল দেশে আনা হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবির চৌকস টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি ও নজরদারি শুরু করে। তল্লাশি অভিযান চালিয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে সটকে পড়লে সেখান থেকে ১২৭টি ভারতীয় শাড়ি, ৩টি থ্রি-পিস, ২টি টু-পিস, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ৩ কেজি জিরা, ১৬ প্যাকেট ফুসকা, ৩.৫ কেজি কিসমিস, ৬ প্যাকেট সোয়ান পাপড়ি, ২৪টি চকলেট, ৩ প্যাকেট আমসত্ত্ব এবং ১৫৩৯টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা থেকে উদ্ধার ও আটককৃত এসব অবৈধ ভারতীয় মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২১,৯০,৪০০ (একুশ লক্ষ নব্বই হাজার চারশত) টাকা।
আটককৃত চোরাচালানি মালামাল আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি ৪৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য, মাদক বা চোরাচালান রোধে বিজিবির এই ধরনের ধারাবাহিক অভিযান ও কঠোর প্রহরা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

