বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
‘মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃওয়ার্ড অনূর্ধ্ব-১৪ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনালে ভাই ভাই স্টার্স দলকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হানজালা ফাইটার্স।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে কলাপাড়ার নীলগঞ্জ ফেরিঘাট ব্রিজসংলগ্ন বালুর মাঠে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘প্রিয়জন কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এই ফাইনাল ম্যাচটির আয়োজন করা হয়। এলাকার ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে মাঠের পরিবেশ বেশ উৎসবমুখর হয়ে ওঠে।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামারুজ্জামান শহীদ মাতব্বর। প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির জুয়েল শিকদার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ।
বিজ্ঞাপন
ফাইনালে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই প্রদর্শন করে দুই দলের কিশোর খেলোয়াড়েরা। খেলার প্রথমার্ধে ভাই ভাই স্টার্স দল দুর্দান্ত খেলে পরপর দুটি গোল করে এগিয়ে যায়। তবে দমে না গিয়ে হানজালা ফাইটার্স দুর্দান্তভাবে পাল্টা আক্রমণ চালিয়ে পরপর দুটি গোল পরিশোধ করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। এরপর দ্বিতীয়ার্ধেও উভয় দলের মধ্যে সমানতালে আক্রমণ ও প্রতিআক্রমণ চলতে থাকে। ম্যাচের শেষ পর্যায়ে হানজালা ফাইটার্স আরও একটি বিজয়ী গোল আদায় করে ৩-২ গোলের ব্যবধানে নিজেদের জয় ও শিরোপা নিশ্চিত করে।
ম্যাচ শেষে চমৎকার নৈপুণ্য প্রদর্শনের জন্য চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় জিসান ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে একই দলের মেহসান ‘টুর্নামেন্টের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন।
পুরো ফাইনাল খেলাটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন অভিজ্ঞ পরিচালক হাবিবুর রহমান হাবিব। এ সময় তাঁকে সহায়তা করতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদ ও জাফরুল্লাহ।
উল্লেখ্য, কিশোরসমাজকে মাদক ও যেকোনো ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার মহৎ উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই ফুটসাল প্রতিযোগিতায় মোট ছয়টি দল অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছিল।
ছবি প্রতিবেদক।

