স্ফুলিঙ্গ রিপোর্ট :
চিকিৎসা সেবার সুযোগ কাজে লাগিয়ে হাসপাতাল প্রাঙ্গণেই এক বয়োবৃদ্ধা নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক চিকিৎসাধীন বৃদ্ধার গলা থেকে সোনার চেইন টান দিয়ে পালানোর সময় মুন্নি (২০) নামে এক তরুণীকে ধরে ফেলে সাধারণ জনগণ।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে হাসপাতালের হৃদরোগ (সিসিইউ) বিভাগের ৪ নম্বর কক্ষের বাইরে এ কাণ্ড ঘটে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারীর নাম আড়িছোন বেগম। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার নারায়ণগঞ্জ এলাকার প্রয়াত আতিয়ার মণ্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিসিইউ ভবনের সামনে ডাক্তারের সাথে সাক্ষাতের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আড়িছোন বেগম। এ সময় সুযোগ বুঝে টাঙ্গাইল সদরের বগলা বাজার এলাকার বাসিন্দা মিজান মিয়ার মেয়ে মুন্নি ওই বৃদ্ধার গলায় থাকা প্রায় আধ ভরি (৮ আনা) ওজনের চেইনটি হঠাৎ টান মেরে ছিঁড়ে নেন। মুহূর্তের মধ্যেই চেইনটি ছিনতাই করে সঙ্গে থাকা অন্য এক সহযোগীর হাতে পাচার করে দেন মুন্নি এবং সেই সহযোগী চেইনটি নিয়ে দ্রুত সটকে পড়েন।
তবে গলার গয়না ছিনতাইয়ের বিষয়টি সাথে সাথেই টের পেয়ে যান বৃদ্ধা আড়িছোন এবং চিৎকার শুরু করেন। তাঁর কান্নাকাটি ও হাঁকডাকে আশপাশের অন্যান্য রোগী ও স্বজনেরা দ্রুত এগিয়ে এসে তরুণী মুন্নিকে ঘিরে ফেলে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে হাসপাতালের দায়িত্বরত আনসার ও ট্রাফিক পুলিশকে খবর দিলে তারা এসে অভিযুক্ত তরুণীকে নিজেদের জিম্মায় নেন।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আটককৃত তরুণীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি থানা পুলিশকে খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া চেইন নিয়ে পালিয়ে যাওয়া অপর সহযোগীকে সনাক্ত করতে ও ছিনতাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান চলছে। ছবি সংগৃহীত।

