বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সবজিখেত সংলগ্ন মাছের ঘেরে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গভীর রাতে ঘেরের গভীর পানি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করেন।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) রাত ১১টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুর ইসলাম কলাপাড়া পৌরশহরের স্থায়ী বাসিন্দা হলেও বৈবাহিক সূত্রে তিনি নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর গ্রামে শ্বশুরবাড়ির জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তাঁর পিতার নাম মো. হযরত আলী।
বিজ্ঞাপন
পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের অলক্ষ্যে নিজ সবজিখেতের ভেতরে অবস্থিত মাছের ঘের থেকে পানি সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নুর ইসলাম। সেচকাজ চালনার একপর্যায়ে অসাবধানতাবশত মোটেরের বিদ্যুতায়িত তার বা পানির সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং জ্ঞান হারিয়ে ঘেরের পানিতে পড়ে ডুবে যান।
পরবর্তীতে রাত গভীর হওয়ার পরও নুর ইসলাম বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে তাঁর স্ত্রী নুরবানু (৪৫) সবজিখেতে গিয়ে সেচের মোটরটি চালু অবস্থায় দেখতে পান। স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দ্রুত চিৎকার করে স্বজনদের খবর দেন। স্বজনেরা ছুটে এসে পানির মধ্যে নেমে তল্লাশি শুরু করলে হঠাৎ নুর ইসলামের শরীরের স্পর্শ এক স্বজনের পায়ে লাগে। এতে ভয়ে তাঁরা দ্রুত পানি থেকে ওপরে উঠে আসেন।
পরবর্তীতে ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে কলাপাড়া থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর পরপরই পুলিশ উপস্থিত হয়ে উদ্ধারকাজের প্রয়োজনীয় অনুমতি প্রদান করলে ফায়ার ফাইটার মেহেদী ও হাসান ঘেরের তলদেশে নেমে তল্লাশি চালিয়ে নুর ইসলামের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক আলামতে নিশ্চিত হওয়া গেছে যে ওই ব্যক্তি সেচযন্ত্রের বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ডায়েরি করার প্রক্রিয়া চলছে। ছবি প্রতিবেদক।
