বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ বিষয়ক এক বিশেষ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর দুইটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সার্বিক আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, কলাপাড়া উপজেলার মোট ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মোট ১১৮ জন মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী এবং তাঁদের কাজ তদারকির জন্য ১৪ জন সুপারভাইজারকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু সহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সাথে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বহুমুখী কারিগরি ও মাঠপর্যায়ের দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে কোনো প্রকৃত সুবিধাভোগী যেন বাদ না পড়েন এবং কোনো ধরনের ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয়, সে বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার পাশাপাশি সঠিক যাচাই-বাছাই ও প্রকৃত উপকারভোগী সনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মতে, সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সঠিক ও নিখুঁত তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমেই প্রকৃত দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি প্রতিটি সহায়তা সরাসরি ও দক্ষতার সাথে পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ছবি প্রতিবেদক।
