বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন ও সুমন কুমার রায় (স্বপন) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশের একটি চৌকস দল এসআই হামিদুল হক খানের নেতৃত্বে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের তল্লাশি করে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, আটক জসিম উদ্দিন কলাপাড়ার নাচনাপাড়া এলাকার মৃত আ. রব বেপারীর ছেলে এবং অপর আসামি সুমন কুমার রায় (স্বপন) রহমতপুর এলাকার কেশব চন্দ্র শীলের ছেলে।
বিজ্ঞাপন
এ ঘটনায় কলাপাড়া থানা পুলিশ আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি প্রতিবেদক।

