স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী নাভারন পুরাতন বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা মূল্যবান সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ দখলদারদের উচ্ছেদে চরম কড়া সতর্কবার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় তিনি সরেজমিন নাভারন বাজারে উপস্থিত হয়ে অবৈধ দখলদারদের স্ব-উদ্যোগে ও নিজ খরচে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত বার্তা ঘোষণা করেন।
পরিদর্শনকালে ইউএনও জানান, জনস্বার্থে গৃহীত সরকারি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অচিরেই সেখানে একটি আধুনিক হাট চাঁদনী নির্মাণ করা হবে। দীর্ঘদিনের এই পরিকল্পনা বাস্তবায়নে সরকার থেকে নির্ধারিত বরাদ্দ প্রস্তুত রয়েছে। দখলমুক্ত করার পর স্বচ্ছ তালিকার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সেখানে অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ দেওয়ার আশ্বাসও দেন তিনি।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাভারন পুরাতন বাজারের প্রায় আড়াই বিঘা সরকারি খাস জমি দখল করে একশ্রেণির প্রভাবশালী দখলদার পাঁকা-আধাপাঁকা স্থাপনা নির্মাণ করে বাণিজ্য চালিয়ে আসছিল। কেউ কেউ স্থাপনা ভাড়া দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন, আবার অনেকে দখলকৃত খালি জায়গা মোটা অঙ্কের সাবলীজ দিয়ে অবৈধ অর্থ আয় করছিলেন। বর্তমানে সেখানে মাছ-তরকারি, চা-পানের দোকান ও ওয়ার্কশপসহ অন্তত ২০-২৫টি অবৈধ দোকানঘর গড়ে উঠেছে।
সরেজমিন পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আনিসুর রহমান, ইউএনওর সিএ মো. এমদাদুল হক ইমদাদ এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. তোফাজ্জল হোসেন।
অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নাভারন ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মো. খায়রুজ্জামান মিনুসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

