স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় টহল দলের বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্যের চালান পাচার হচ্ছে— এমন গোপন খবরের ভিত্তিতে আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে বিজিবির সতর্ক টহল দল অবস্থান নেয়। অভিযানকালে বিজিবি সদস্যরা ৬৫টি ভারতীয় শাড়ি, দুটি থ্রি-পিস, একটি শালচাদর, ৫০০ গ্রাম জিরা, ১৬ প্যাকেট ফুচকা, দুই প্যাকেট সনপাপড়ি, দুই কেজি কিসমিস, ৩৬৭টি বিভিন্ন চকলেট এবং ২২৯টি কসমেটিক্স সামগ্রী জব্দ করেন।
বিজ্ঞাপন
বিজিবির মূল্যায়ন অনুযায়ী, আটককৃত চোরাচালানি পণ্যের সর্বমোট বাজারমূল্য ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ পাচারকারী চক্রের তৎপরতা সম্পূর্ণ নির্মূল করতে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত টহল অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
