মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজার এলাকা থেকে আজ শুক্রবার ৪০ বস্তা টিএসপি সার অবৈধভাবে উপজেলার বাইরে নিয়ে বিক্রির চেষ্টার সময় একটি পিকআপভ্যানসহ দুজনকে আটক করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে আসামিদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং সংশ্লিষ্ট সারগুলো জব্দ করা হয়। এই অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।
পরবর্তীতে জব্দকৃত সার ভেজাল প্রমাণিত হওয়ায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা কৃষি কর্মকর্তার সরাসরি উপস্থিতিতে সেগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়। পুরো মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে পুলিশের একটি চৌকস টিম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থ রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
